কায়সার কামাল

ব্যারিস্টার কায়সার কামাল একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ এবং বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

কায়সার কামাল
Photo: Press Information Department / Wikimedia Commons

কায়সার কামাল একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তারেক রহমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

তিনি ৩১ ডিসেম্বর ১৯৭২ সালে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মাতা বেগম যোবাইদা কামাল ছিলেন একজন গৃহিণী।

কায়সার কামাল চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং ১৯৮৭ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তিনি ১৯৮৯ সালে আনন্দ মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন।

১৯৯৮ সালে তিনি আইন বিষয়ে পড়াশোনা করতে যুক্তরাজ্যে যান। তিনি উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ ল থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি লিঙ্কন'স ইন-এ বারে অন্তর্ভুক্ত হন।

কায়সার কামাল ১৯৮৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর একজন ছাত্রকর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-র কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন। ২০০৬ সালে তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে জাতীয় রাজনীতিতে যোগ দেন।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ২০০৯ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন এবং ২০১৬ সালে দলটির আইন বিষয়ক সম্পাদক নিযুক্ত হন। ২০২১ সালে তিনি বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য হন।

২০২২ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোণা-১ আসন থেকে ১৫৮৩৪৩ ভোট পেয়ে জয়লাভ করেন। এর ফলে তিনি তারেক সরকারের অধীনে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

১২ মার্চ ২০২৬ তারিখে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

Key facts

  • কায়সার কামাল নেত্রকোণা-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
  • তিনি তারেক রহমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
  • তিনি বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেছেন।

All sections

Edition