শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার এবং একজন বাংলাদেশী রাজনীতিবিদ।

শিরীন শারমিন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
তিনি ৪৬ বছর বয়সে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হয়ে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
শিরীন শারমিন চৌধুরী ১৯৬৬ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা নোয়াখালী জেলার চাটখিলের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরী এবং মা ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা।
তিনি ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে এইচএসসি-তে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তিনি একজন কমনওয়েলথ স্কলার এবং ২০০০ সালে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সাংবিধানিক আইন ও মানবাধিকার বিষয়ে আইনে পিএইচডি লাভ করেন।
এলএলএম পাশ করার পর ১৯৯২ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার ১৫ বছর এডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন।
৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন।
Key facts
- তিনি বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন।
- তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
- তিনি ২০১৩ সালে নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।