আলী আকবর খাঁ
ওস্তাদ আলী আকবর খান ছিলেন একজন বাংলাদেশী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এবং সরোদ বিশেষজ্ঞ।

ওস্তাদ আলী আকবর খান ১৯২২ সালের ১৪ এপ্রিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মাতা মদিনা বেগম।
তিনি তিন বছর বয়স থেকে সঙ্গীতে হাতে খড়ি নেন। তাঁর বাবা আচার্য আলাউদ্দিন খাঁ তাঁকে কণ্ঠ সঙ্গীতের শিক্ষা দেন এবং চাচা ফকির আফতাবউদ্দিন তাঁকে তবলা শেখান। তিনি সরোদ এবং কণ্ঠ সঙ্গীতে নিবিষ্ঠ হন এবং প্রায় ২০ বছর ধরে প্রতিদিন ১৮ ঘণ্টা করে রেওয়াজ করতেন।
১৯৩৬ সালে ১৩ বছর বয়সে তিনি এলাহাবাদে প্রথম সঙ্গীত সম্মেলনে পরিবেশন করেন। ১৯৩৯ সালের ডিসেম্বরে তিনি পণ্ডিত রবিশংকরের সাথে সরোদে প্রথম যুগলবন্দী করেন। ১৯৩৮ সালে তিনি বোম্বে অল ইন্ডিয়া রেডিওর সাথে কাজ শুরু করেন যেখানে তাঁকে তবলায় সঙ্গত করেছিলেন ঊস্তাদ আল্লা রাখা।
১৯৪৩ সালে তিনি যোধপুরের মহারাজা হনবন্ত সিংয়ের দরবারে সঙ্গীত শিল্পী হিসেবে নিযুক্ত হন এবং মহারাজ তাঁকে 'উস্তাদ' উপাধিতে ভূষিত করেন। ১৯৪৭ সালে যোধপুরে রাজতন্ত্রের সমাপ্তি ও মহারাজার মৃত্যুর পর তিনি বম্বেতে চলে আসেন। মুম্বইতে তিনি 'আন্ধিয়াঁ' (১৯৫২) সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে সুরারোপ করেন।
তিনি সত্যজিৎ রায়ের 'দেবী' (১৯৬০) এবং তপন সিংহ এর 'ক্ষুধিত পাষাণ' (১৯৬০) চলচ্চিত্রে কাজ করার জন্য বছরের শ্রেষ্ঠ সঙ্গীতকার হিসেবে পুরস্কৃত হন। ১৯৫৬ সালে তিনি কলকাতায় 'আলি আকবর কলেজ অব মিউজিক' প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলিতে একই নামে আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন।
১৯৭১ সালের অগাস্ট মাসে তিনি রবিশংকর, আল্লা রাখা ও কমলা চক্রবর্তীর সঙ্গে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যার্থে সঙ্গীত পরিবেশন করেন। তিনি পণ্ডিত শংকর ঘোষ, নিখিল ব্যানার্জী, এল. সুব্রমনিয়ম ও বিলায়াৎ খানের সাথেও যুগলবন্দী করেছেন।
Key facts
- তিনি ১৯২২ সালের ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি সরোদ এবং কণ্ঠ সঙ্গীতের বিশেষজ্ঞ ছিলেন।
- তিনি কলকাতায় এবং যুক্তরাষ্ট্রের বার্কলিতে 'আলি আকবর কলেজ অব মিউজিক' প্রতিষ্ঠা করেন।
- ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যার্থে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে সঙ্গীত পরিবেশন করেন।