শাজাহান খান

শাজাহান খান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য।

শাজাহান খান
Photo: Tanvir Hasan Chowdhury / Wikimedia Commons

শাজাহান খান ১৯৫২ সালের ১ জানুয়ারি মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যাডভোকেট মৌলভী আচমত আলী খান এবং মাতা তজন নেসা বেগম। তার পিতা একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং জাতীয় সংসদের সদস্য ছিলেন।

তিনি ১৯৫৭ সালে মাদারীপুরের নুতন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু করেন। ১৯৬৬ সালে তিনি মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৮ সালে মাদারীপুর নাজিমউদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৬৪ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়ে তিনি ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি ১৯৬৬-৬৭ এবং ১৯৬৭-৬৮ সালে মাদারীপুর উপবিভাগের ছাত্রলীগের নির্বাচিত সেক্রেটারি ছিলেন।

শাজাহান খান ১৯৭১ সালে যুদ্ধের সময় মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদূনে মিলিটারি ট্রেনিং নেন। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি ৩১শে জুলাই, ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

নভেম্বর ২০১৩-তে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

Key facts

  • শাজাহান খান মাদারীপুর-২ আসনের আটবারের সংসদ সদস্য।
  • তিনি সাবেক নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
  • তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য।
  • তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সদস্য ছিলেন।

All sections

Edition