আ. স. ম. আবদুর রব

আ. স. ম. আবদুর রব একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি ছিলেন।

আ. স. ম. আবদুর রব
Photo: Nahid Hossain This work was made by Nahid Hossain and released under the license / Wikimedia Commons

আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব আ স ম আবদুর রব নামে পরিচিত। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি ছিলেন।

তিনি ২ জানুয়ারি ১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের নোয়াখালীর লক্ষ্মীপুরের রামগতির চরবাদামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আলী আজ্জম এবং মাতা মৃত মাজেদা খাতুন।

প্রাথমিক শিক্ষার পর তিনি নোয়াখালীর পৌর কল্যাণ হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি চৌমুহনী এসএ কলেজে ভর্তি হন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

আবদুর রব ১৯৫৮ সালে অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আ. স. ম. আবদুর রব ও শাজাহান সিরাজের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উদ্বোধন করেন।

তিনি ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে তিনি শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি প্রদান করেন। ১৯৭০-১৯৭১ মেয়াদে তিনি ডাকসুর ভিপি ছিলেন।

আ.স.ম. আব্দুর রব ও শাজাহান সিরাজের উদ্যোগে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়। ১৯৭২ সালের ২৩ ডিসেম্বর দলের প্রথম জাতীয় সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি ১৯৮৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি চতুর্থ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ছিলেন। ১২ জুন ১৯৯৬ সালে তিনি পুনরায় লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি ২৯ জুন ১৯৯৬ থেকে ২৪ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রী এবং ২৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ছিলেন।

Key facts

  • আ. স. ম. আবদুর রব ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উদ্বোধন করেন।
  • তিনি ১৯৭০-১৯৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি ছিলেন।
  • তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ছিলেন।
  • তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

All sections

Edition