সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

সালাহউদ্দিন আহমেদ ৩০ জুন ১৯৬২ সালে কক্সবাজার জেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। তার পিতামহ মৌলভী আবদুল আলী এবং মাতামহ হাকিমন।
তিনি পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
সালাহউদ্দিন আহমেদ ১৯৮৫ সালে ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন। ১৯৯১ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রদলের দায়িত্বে থাকাকালীন তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। ১৯৯৬ সালের জানুয়ারিতে তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।
তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ১০ অক্টোবর তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার নিযুক্ত হন। তিনি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা করেন।
সালাহউদ্দিন আহমেদ ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের ২৯ মার্চ পর্যন্ত এক এগারো সরকারের কারাগারে বন্দী ছিলেন। তিনি বিএনপির জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব এবং পরবর্তীতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাওয়া যায়। মেঘালয় রাজ্যের পুলিশ তাকে অবৈধ প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। ২০১৮ সালে ভারতের একটি আদালত এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালত তাকে খালাস দেয়।
তিনি সর্বশেষ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Key facts
- সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।
- তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
- তিনি ১৯৮৫ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন।
- তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।