মীর শাহে আলম
মীর শাহে আলম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।

মীর শাহে আলম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
মীর শাহে আলম ১৯৭০ সালের ৭ আগস্ট বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর মোজাফফর রহমান এবং মাতা মোছাঃ রাজেনা বেগম। তিনি শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শিবগঞ্জ এম.এইচ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালে তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
মীর শাহে আলম ২০০২ সালে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মনোনীত হন। ২০১০ সালে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০২২ সাল থেকে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯৭ সালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। ২০২৩ সালে নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মীর শাহে আলমকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য মনোনয়ন প্রদান করে। তিনি ১,৪৫,০২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পান ৯৩,৫৪৮ ভোট পেয়েছিলেন।
রাজনীতির বাইরে তিনি একজন ব্যবসায়ী এবং রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী মীর লাবনী আক্তার এবং তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
Key facts
- মীর শাহে আলম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।
- তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
- তিনি রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান।
- তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি।