লিটন দাস
লিটন কুমার দাস একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সহ-অধিনায়ক।

লিটন কুমার দাস ১৩ অক্টোবর, ১৯৯৪ সালে বাংলাদেশের দিনাজপুর জেলার একটি হিন্দু মাহিষ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাচ্চু চন্দ্র দাস এবং মাতার নাম অনিতা দাস। তিনি বিকেএসপিতে পড়াশোনা করেছেন।
তিনি ১৩ বছর বয়সে ২০০৭-২০০৮ মৌসুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলেন। তিনি ২০১২ ও ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন এবং ২০১৩ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন।
২০১৪-১৫ জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে তিনি ৮৫.৩৩ গড়ে ১,০২৪ রান নিয়ে সাত ম্যাচের মৌসুম শেষ করেন। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি পূর্বাঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এর ফলে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র ম্যাচের জন্য তাকে টেস্ট স্কোয়াডে ডাকা হয়।
লিটন দাস ২০১৫ সালের জুনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি ১০ জুন ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে টেস্ট এবং ১৮ জুন ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে ওডিআই অভিষেক করেন। ৫ জুলাই ২০১৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেন।
তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৬ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বলে অর্ধশতক করার মাধ্যমে তিনি বাংলাদেশের সবচেয়ে কম বলে অর্ধশতক করার রেকর্ড করেন।
বিপিএলে তিনি সিলেট সিক্সার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ক্যাপিটালস দলের হয়ে খেলেছেন। ২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি ৪৪ বলে তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন যা বিপিএলের ইতিহাসে একজন বাংলাদেশী হিসেবে ২য় সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
২০২৩ সালের মার্চ মাসে কলকাতা নাইট রাইডার্স তাকে ৫০লাখ রুপিতে আইপিএলের জন্য কিনে নেয়। তিনি ২০১৯ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন।
Key facts
- লিটন কুমার দাস বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান সহ-অধিনায়ক।
- তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৬ করেছেন।
- তিনি ১৮ বলে টি-টোয়েন্টিতে অর্ধশতক করার রেকর্ড করেছেন।
- ২০২৫ বিপিএলে তিনি ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন যা বাংলাদেশীদের মধ্যে ২য় দ্রুততম।