ইফফাত আরা

শামসুন নাহার ইফ্‌ফাত আরা ছিলেন একজন লেখক, সমাজকর্মী, বাংলা সাহিত্যের সংগঠক এবং ময়মনসিংহের প্রথম নারী উদ্যোক্তা।

ইফফাত আরা
Photo: Noorelahi ( talk) / Wikimedia Commons

শামসুন নাহার ইফ্‌ফাত আরা ১৯৩৯ সালের ১৯শে জানুয়ারি কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী কাজী আবদুল হাকিম এবং মাতা হাফিজা খানম। তিনি জীবনের অধিকাংশ সময় ময়মনসিংহে বসবাস করেছেন।

তার শিক্ষা জীবন শুরু হয় নিজ বাসগৃহে আরবি ভাষা ও কোরআন শরীফ পাঠের মাধ্যমে। তিনি ময়মনসিংহ শহরের মুসলিম গার্লস হাই স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিদ্যাময়ী গার্লস হাই স্কুলে ভর্তি হন।

তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৬ সালে স্মাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে তিনি ময়মনসিংহ মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বি এড সম্পন্ন করেন। ১৯৭৯ সালে তিনি আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন।

ইফ্‌ফাত আরা ১৯৬৮ সালে নাসিরাবাদ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সালে প্রধান শিক্ষিকা হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি সাপ্তাহিক বাংলার দর্পন-এর মহিলা পাতার সম্পাদিকা ছিলেন। ১৯৭৩ সালে তিনি মাসিক চন্দ্রাকাশ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৯ সাল পর্যন্ত।

১৯৮৫ সালের শেষভাগে তিনি দেশ মূদ্রণ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮৬ সালে মাসিক সাহিত্য পত্রিকা চিন্তা প্রকাশ করেন যা পরবর্তীতে দ্বিতীয় চিন্তা নামে পরিচিত হয়। ময়মনসিংহের সেনবাড়ী রোডের ইফফাত ম্যানসন এই পত্রিকাটির প্রকাশস্থল ছিল।

তিনি নারী আন্দোলনের একজন সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৬৬ সালে তিনি অল পাকিস্তান ওমেনস এ্যসোসিয়েশনস-এর সদস্যপদ পান। ১৯৭১ সালের শেষভাগে তিনি হেলেনা খান, সুফিয়া করিম ও মরিয়ম হাসিমুদ্দিনের সাথে জাতীয় মহিলা সমিতি গঠনের উদ্যোগ নেন।

তার নামে উপন্যাস, ছোটগল্প ও শিশুদের জন্য প্রবন্ধসহ নয়টি বই প্রকাশিত হয়েছে। ২০০০ সালে তার সুখ যখন শেষ বেলা উপন্যাসটি প্রকাশিত হয়। তিনি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শোনা আছে জানা নাই নামক একটি সাধারণ জ্ঞান বিষয়ক বই প্রকাশ করেন।

ইফ্‌ফাত আরা ১৯৫৫ সালে আইনজীবী ও রাজনীতিবিদ আবদুল লতিফ তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ২০২১ সালের ১৪ই আগস্ট ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Key facts

  • শামসুন নাহার ইফ্‌ফাত আরা ১৯৩৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবিত ছিলেন।
  • তিনি ময়মনসিংহের প্রথম নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন।
  • তিনি দ্বিতীয় চিন্তা সাহিত্য সাময়িকীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
  • তিনি দেশ মূদ্রণ নামক একটি ছাপাখানা পরিচালনা করতেন।

All sections

Edition